ঝিনাইদহ জেলার শৈলকুপার পুরাতন বাখরবা গ্রামে সামাজিক দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষে উভয়পক্ষে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রাজু নামের একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারুটিয়া ইউনিয়নের পুরাতন ‘বাখরবা’ গ্রামের সামাজিক মাতব্বর বকুল বিশ্বাস ও চেনেইর উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে চেনির উদ্দিন সমর্থিত লোকজন বকুল বিশ্বাসের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। এ হামলায় রাজু (২৪), আব্দুল বিশ্বাস (৩৮), সামেলা (৩০), চেনির উদ্দিন (৪৫) আহত হন। তারা শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন।
শৈলকুপা থানার ওসি হুমায়ূন কবির মোল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ তাৎক্ষণিক দুজনকে আটক করেছে। পুলিশি নিয়ন্ত্রণে বাখরবা এলাকা বর্তমানে শান্ত রয়েছে।