মাগুরার মহম্মদপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রতিটিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।
জরিমানা করা ইটভাটাগুলো হলো মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।
অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ভাটাগুলোর বিরুদ্ধে একই আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস, আনসার ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, নিয়মবহির্ভূতভাবে ইটভাটা স্থাপন ও ইট উৎপাদনের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। পরিবেশ সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/
