নতুন কোনো অ্যাপ নামানো ছাড়াই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সহকারীর মাধ্যমে দৈনন্দিন অনেক কাজ করা সম্ভব। সাধারণ মানুষের মতো খুদে বার্তা পাঠিয়েই এসব সহকারীকে কাজের নির্দেশ দেওয়া যায়। ক্যালেন্ডার সাজানো, ই-মেইল পাঠানো, ভ্রমণের পরিকল্পনা, রেস্তোরাঁয় আসন সংরক্ষণ, অনলাইনে কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজের কথা মনে করিয়ে দেওয়াÑ বিভিন্ন কাজে সহায়তা করতে পারে এসব প্রযুক্তি। প্রচলিত কথোপকথনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে এদের পার্থক্য হলো, এরা শুধু প্রশ্নের উত্তর দেয় না; বরং প্রয়োজনীয় অনুমতি পেলে ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করার চেষ্টা করে। ব্যক্তিগত জীবন, পরিবার, ভ্রমণ, ব্যবসা ও পেশাগত কাজের জন্য তৈরি হয়েছে নানা ধরনের সহকারী। এই ধরনের অ্যাপ নিয়ে বিস্তারিত আজকে লেখা-
ক্যাডি : ফোনের তথ্য থেকেই প্রয়োজনীয় কাজের ব্যবস্থা
ক্যাডি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহকারী, যা মুঠোফোনে ছড়িয়ে থাকা ই-মেইল, কথোপকথন ও দিনপঞ্জির তথ্য থেকে প্রয়োজনীয় কাজ শনাক্ত করতে পারে। আইফোনের বার্তাব্যবস্থা এবং অ্যান্ড্রয়েডের বার্তাপ্রেরণ সুবিধার মাধ্যমে এটি ব্যবহার করা যায়।
কোনো ই-মেইলে সাক্ষাতের সময় উল্লেখ থাকলে তা দিনপঞ্জিতে যোগ করা, বন্ধুর পাঠানো কেনাকাটার তালিকা মনে রাখা, প্রয়োজনীয় কাজের অনুস্মারক তৈরি করা এবং অসমাপ্ত কাজের খোঁজ রাখার মতো সুবিধা রয়েছে এতে। ২০২৬ সালের এপ্রিল থেকে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে।
কমা : কাজ শেষ না হওয়া পর্যন্ত সক্রিয় সহকারী
কমা ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন কাজ পরিচালনার জন্য তৈরি। এটি কম্পিউটার, ওয়েব ব্রাউজার ও নথিপত্রের সঙ্গে কাজ করতে পারে। পাশাপাশি বিভিন্ন বার্তাপ্রেরণ ব্যবস্থার মাধ্যমেও দূর থেকে নির্দেশ দেওয়া যায়।
কাজ সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করা, দৈনিক কাজের সারসংক্ষেপ তৈরি, জরুরি বিষয় চিহ্নিত করা এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া এর উল্লেখযোগ্য সুবিধা। এটি বিনা মূল্যে ব্যবহার শুরু করা যায় এবং এর মূল ব্যবস্থা উন্মুক্ত।
ফ্যামবট : পরিবারের জন্য ডিজিটাল ব্যবস্থাপক
ফ্যামবট পরিবারের দৈনন্দিন দায়িত্বগুলো গুছিয়ে রাখতে সাহায্য করে। স্কুলের খবর, খেলাধুলার সময়সূচি, খাবারের পরিকল্পনা, পারিবারিক দিনপঞ্জি এবং ঘরের কাজ এক জায়গায় সাজিয়ে রাখতে পারে এটি। প্রতিদিন রাতে পরদিনের কর্মসূচি, করণীয় কাজ এবং স্কুলে যাওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক বা জিনিসপত্রের কথা মনে করিয়ে দিতে পারে। পরিবারের সদস্যরা খুদে বার্তার মাধ্যমে প্রশ্ন করতে কিংবা দিনপঞ্জিতে পরিবর্তনের অনুরোধ জানাতে পারেন। বর্তমানে এটি বিনা মূল্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে।
ফোক : ব্যক্তিগত কাজের জন্য বুদ্ধিমান সহকারী
ফোক ব্যক্তিগত পছন্দ ও আগের কথোপকথনের তথ্য মনে রেখে বিভিন্ন কাজ পরিচালনা করতে পারে। বার্তা পাঠিয়ে অনুস্মারক তৈরি, বিমানের যাত্রার খবর রাখা, ই-মেইল সামলানো, তথ্য অনুসন্ধান এবং রেস্তোরাঁয় আসন সংরক্ষণের মতো কাজ করা যায় এতে। এর বিশেষত্ব হলো, এটি নিজস্ব দূরবর্তী কম্পিউটারব্যবস্থা ব্যবহার করে জটিল কাজের একাধিক ধাপ সম্পন্ন করতে পারে। বিনা মূল্যের সুবিধার পাশাপাশি এর উন্নত সংস্করণ ব্যবহারের জন্য মাসে প্রায় ৮ ডলার ৩৩ সেন্ট খরচ হয়।
ইনস্টিংক্ট : ব্যবহারকারীর হয়ে কাজ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা
ইনস্টিংক্ট এমন একটি সহকারী, যা লিখিত বার্তা কিংবা কণ্ঠস্বরের মাধ্যমে নির্দেশ গ্রহণ করতে পারে। ই-মেইল, দিনপঞ্জি ও দাপ্তরিক সেবার সঙ্গে যুক্ত হয়ে ভ্রমণের পরিকল্পনা, বাজার করা, টিকিট বুকিং এবং অপ্রয়োজনীয় সদস্যপদ বাতিলের মতো কাজে সহায়তা করে। ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি ১০০ কোটি ডলারের বিনিয়োগ সংগ্রহ করে এবং এর বাজারমূল্য দাঁড়ায় ১ হাজার কোটি ডলার। ব্যবহারকারীর হয়ে বিভিন্ন অনলাইন সেবায় নিবন্ধন ও যোগাযোগ করার জন্য আলাদা ই-মেইল ঠিকানার ব্যবস্থাও চালু করেছে প্রতিষ্ঠানটি। তবে এটি এখনো সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে সতর্ক থাকাও জরুরি।
আইরিস : বার্তা পাঠিয়েই কাজের নির্দেশ
আইরিস এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহকারী, যা আইফোনের বার্তাব্যবস্থার মাধ্যমে ব্যবহার করা যায়। প্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত করার পর একটি বার্তায় কাজের নির্দেশ দিলেই এটি কাজটির বিভিন্ন ধাপ সম্পন্ন করার চেষ্টা করে। আগের কথোপকথন থেকে প্রয়োজনীয় তথ্য মনে রাখা এবং ব্যবহারকারীকে নিজে থেকে কাজের অগ্রগতি বা পরবর্তী করণীয় জানানো এর অন্যতম সুবিধা।
মার্টিন : ফোনকল, ই-মেইল ও দৈনন্দিন কাজের সহকারী
মার্টিনের মাধ্যমে দিনপঞ্জি, ই-মেইল, নোট, অনুস্মারক এবং দৈনন্দিন কাজ পরিচালনা করা যায়। এটি খুদে বার্তা, ফোনকল, ই-মেইল এবং বিভিন্ন যোগাযোগমাধ্যমের সাহায্যে ব্যবহার করা সম্ভব। ব্যবহারকারীর হয়ে বার্তা পাঠানো, ফোনকল করা এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজের সারসংক্ষেপ দেওয়ার সুবিধাও রয়েছে। এর সাবস্ক্রিপশন বা নিয়মিত ব্যবহারের খরচ মাসে প্রায় ২১ ডলার থেকে শুরু।
মিসো : ভ্রমণ পরিকল্পনার বিশেষ সহকারী
মিসো মূলত ভ্রমণকারীদের জন্য তৈরি। বার্তার মাধ্যমে বিমানের টিকিটের ব্যবস্থা, ভ্রমণ পরিকল্পনা এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরামর্শ পাওয়া যায় এতে। ভ্রমণকারীর পছন্দ, পুরস্কার পয়েন্ট এবং অন্যান্য সুযোগ বিবেচনায় নিয়ে পরিকল্পনা সাজাতে পারে এটি। পাশাপাশি বিমানের সময়সূচি, যাত্রার হালনাগাদ তথ্য এবং ভ্রমণসংক্রান্ত সুপারিশও দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি নিবেদিত ভ্রমণ দলের সহায়তা পাওয়ার সুবিধাও রয়েছে।
ওহাই : পরিবারের কাজকর্ম গুছিয়ে রাখার সহকারী
ওহাই পরিবারের সদস্যদের সময়সূচি, ঘরের কাজ, খাবারের পরিকল্পনা এবং দৈনন্দিন দায়িত্ব সমন্বয় করতে সাহায্য করে।
ব্যবহারকারীরা বার্তা পাঠিয়ে, ই-মেইল ফরোয়ার্ড করে কিংবা কণ্ঠস্বরের মাধ্যমে নির্দেশ দিয়ে কাজের তালিকা ও অনুস্মারক তৈরি করতে পারেন। পরিবারের সবার দিনপঞ্জি সমন্বয় করাও সম্ভব। এর প্রাথমিক সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করা যায়, আর উন্নত সুবিধার জন্য মাসে প্রায় ১০ ডলার থেকে খরচ শুরু।
অলি : পরিবারের তথ্য এক জায়গায় রাখার ব্যবস্থা
অলি পরিবারের স্কুলের বার্তা, ই-মেইল, দিনপঞ্জি, কাজের তালিকা ও দলীয় কথোপকথনের তথ্য এক জায়গায় গুছিয়ে রাখতে সাহায্য করে। প্রয়োজন অনুযায়ী খুদে বার্তার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যও জানায়। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তথ্যের নিরাপত্তাসংক্রান্ত স্বীকৃত মানদ- অনুসরণ করে। ২০২৬ সালের জুনে চালু হওয়া এই সেবার বিনা মূল্যের সংস্করণ রয়েছে। অর্থের বিনিময়ে ব্যবহারের পরিকল্পনা মাসে ২৫ ডলার থেকে শুরু, যেখানে ১৫০টি বার্তা পাঠানোর সুবিধা রয়েছে।
অরবিট : পরিবারের দায়িত্ব ও ঘরের সেবা ব্যবস্থাপনা
অরবিট পরিবারের দিনপঞ্জি, তালিকা ও কথোপকথনের তথ্য একত্র করে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সাহায্য করে। এর মাধ্যমে ইন্টারনেটে তথ্য খোঁজা, অনলাইনে কেনাকাটা, রেস্তোরাঁয় আসন সংরক্ষণ, সাক্ষাতের সময় পরিবর্তন এবং ঘরের বিভিন্ন সেবার মূল্য জানতে চাওয়া যায়।
পরিবারের সদস্যদের ঘরের কাজ মনে করিয়ে দেওয়া এবং মেরামতকারী বা সেবাদানকারীদের সঙ্গে যোগাযোগ করার সুবিধাও রয়েছে এতে।
প্যালি : বিভিন্ন সেবার তথ্য এক জায়গায়
প্যালি ই-মেইল, দিনপঞ্জি, অনলাইন নথিপত্র ও বার্তাপ্রেরণ সেবার সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তিগত তথ্য গুছিয়ে রাখতে সাহায্য করে। কেনাকাটার রসিদ, গুরুত্বপূর্ণ তারিখ, ফাইল, পরিকল্পনা এবং আগের কথোপকথনের তথ্য সহজে খুঁজে পাওয়া যায়।
এর বিনা মূল্যের ব্যবস্থায় প্রতি মাসে ১৫ মিনিট ফোনে কথা বলার সুবিধা রয়েছে। অর্থের বিনিময়ে ব্যবহারের পরিকল্পনায় মাসে ২৫ ডলারে ৩০ মিনিট এবং ১০০ ডলারে ৬০ মিনিট কথা বলার সুবিধা পাওয়া যায়।
পোক : দৈনন্দিন জীবনের নানা কাজের সহকারী
পোক একটি সাধারণ উদ্দেশ্যের কৃত্রিম বুদ্ধিমত্তার সহকারী, যা খুদে বার্তার মাধ্যমে ব্যবহার করা যায়। দিনপঞ্জি পরিচালনা, ব্যক্তিগত পরিকল্পনা, শরীরচর্চার হিসাব রাখা, স্মার্ট ঘরের যন্ত্র নিয়ন্ত্রণ এবং ছবি- সংক্রান্ত কাজে এটি সহায়তা করতে পারে। ২০২৬ সালের মার্চে চালু হওয়া এই সেবাটি জুনে অ্যাপলের ব্যাবসায়িক বার্তাব্যবস্থায় অনুমোদন পাওয়ার পর আলোচনায় আসে। জুলাইয়ে এর মূল প্রতিষ্ঠানকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোড তৈরির প্রতিষ্ঠান কগনিশন অধিগ্রহণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রেনে : ব্যক্তিগত তথ্য মনে রাখা ডিজিটাল সঙ্গী
রেনে ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনের প্রাসঙ্গিক তথ্য মনে রেখে প্রয়োজনীয় কাজের তালিকা, অনুস্মারক, সারসংক্ষেপ এবং পরবর্তী করণীয় তৈরি করতে পারে। এর সাহায্যে ইন্টারনেটে তথ্য খোঁজা, কম্পিউটার কোড লেখা, অনলাইনে কেনাকাটা, উপস্থাপনার স্লাইড তৈরি এবং ছবি বানানোর মতো কাজও করা যায়। আইফোনের বার্তাব্যবস্থা এবং অন্যান্য জনপ্রিয় বার্তাপ্রেরণের মাধ্যমে এটি ব্যবহার করা সম্ভব। এসব প্রযুক্তির মূল লক্ষ্য হলোÑ শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, বরং ব্যবহারকারীর হয়ে বাস্তব কাজ সম্পন্ন করা। তবে কোন কাজের জন্য কতটুকু অনুমতি দেওয়া হবে, তা ব্যবহারকারীর নিয়ন্ত্রণেই থাকা উচিত।
