বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্যামনগরের নকিপুরে ফ্রেন্ডস্ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে চারজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদাছড়ি তুলে দেওয়া হয়।
ফ্রেন্ডস্ কল্যাণ সমিতির বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম.ডি. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ কল্যাণ সমিতির সভানেত্রী জ্যোতি মালো ও সম্পাদিকা অষ্টমী মালো, অ্যাকশনএইড বাংলাদেশের প্রজেক্ট অফিসার এম.ডি. সেলিম হোসেন ও প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.কে. মিজানুর রহমান, নাগরিক উদ্যোগের প্রজেক্ট অফিসার চিরনজিত কুমার মালো এবং অ্যাকাউন্টস অফিসার অপু চৌকিদার। এ ছাড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, আত্মনির্ভরশীলতা এবং সমাজের সর্বস্তরে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
তাঁরা বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচল, পথের প্রতিবন্ধকতা শনাক্ত করা এবং দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাঁদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সাদাছড়ির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
অনুষ্ঠানে চারজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদাছড়ি বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, এ উদ্যোগের মাধ্যমে তাঁদের স্বাধীনভাবে চলাফেরা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বক্তারা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তোলা, চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের মাধ্যমে সাদাছড়ির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, আত্মনির্ভরশীলতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
The post শ্যামনগরে সাদাছড়ি দিবসে চার দৃষ্টিপ্রতিবন্ধীকে সাদাছড়ি বিতরণ appeared first on ভোরের চেতনা.
