অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার ও তাদের সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজায় ইসরায়েলের স্থল অভিযান জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। খবর—আল জাজিরা।
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বন্দি মাতান জানগাউকার, মাতান আংরিয়েস্ট ও রম ব্রাসলাভস্কির বাবা-মা নেতানিয়াহুর বাসভবনের বাইরে অবস্থান করছেন।
হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম এক বিবৃতিতে জানায়, গাজা সিটিতে চালানো বড় সামরিক অভিযান পরিবারগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে জিম্মিদের উৎসর্গ করছেন এবং নিরাপত্তা বাহিনীর মূল্যায়নকে উপেক্ষা করছেন।
এর আগে নেতানিয়াহু ঘোষণা করেন, “হামাস যেখানেই আছে, ইসরায়েল সেখানেই হামলা চালাবে।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে রুবিও গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানান।
তবে নেতানিয়াহু বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করবে নিজেদের রক্ষা করতে। তার মতে, রুবিওর সফর এই বার্তাই দেয় যে, সন্ত্রাসের মুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে।
