কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জারি করা গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়েছে চীন। বুধবার (২১ অক্টোবর) বেইজিং একে কিউবার ওপর চাপ সৃষ্টির জন্য বিচারিক ব্যবস্থার অপব্যবহার বলে অভিহিত করেছে।
৯৫ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি কিউবা থেকে সমুদ্রপথে পালিয়ে ফ্লোরিডায় যাওয়ার চেষ্টা করা ব্যক্তিদের সহায়তাকারী সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনার সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের সম্পর্ক রয়েছে।
বিজ্ঞাপন
ফ্লোরিডার প্রধান আইন কর্মকর্তা সোমবার এই গ্রেফতারি পরোয়ানা জারির ঘোষণা দেন। কিউবার বর্তমান নেতারাও এর নিন্দা জানিয়েছেন।
কমিউনিস্ট শাসিত কিউবার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে সংকটে রয়েছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবার ওপর অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনি চাপ আরও বাড়িয়েছে।
বিজ্ঞাপন
বুধবার এক সংবাদ সম্মেলনে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে কিউবার ওপর সব ধরনের জবরদস্তি ও চাপ প্রয়োগ বন্ধ করার আহ্বান জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, কিউবার ওপর চাপ সৃষ্টির জন্য বিচারিক ব্যবস্থার অপব্যবহারের বিরোধিতা করে আসছে চীন। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করার ক্ষেত্রে কিউবার প্রতি বেইজিংয়ের দৃঢ় সমর্থন রয়েছে।
তিনি আরও বলেন, রাউল কাস্ত্রো কিউবার বিপ্লবের অত্যন্ত সম্মানিত নেতা। আন্তর্জাতিক অঙ্গনেও তার যথেষ্ট মর্যাদা রয়েছে।
বিজ্ঞাপন
২০২৬ সালের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্কের আরও অবনতি হয়েছে। ওই সময় মার্কিন বাহিনী ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করে। মাদুরো কিউবার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
এর আগে মে মাসে নিউইয়র্কে কিউবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হাভানার প্রতি বেইজিংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি শক্তির রাজনীতি ও দাদাগিরির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
