নভেম্বরে উদ্বোধনের লক্ষ্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, আলোচনায় চীন-মালয়েশিয়া-দুবাই রুট
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:২০ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ৬:২২ পিএম
আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটি ঘিরে চীনের কুনমিং, মালয়েশিয়ার পেনাং এবং ব্যাংকক-দুবাই রুটে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
আজ সোমবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন মন্ত্রী।

সভায় মন্ত্রী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশি-বিদেশি পর্যটকের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ তৈরি হবে।
সভায় বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। মন্ত্রী জানান, চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে চায়না সাউদার্ন এয়ারলাইনস ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের জন্য নতুন রুটটি সম্ভাবনাময় হতে পারে।
এ ছাড়া মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে এয়ারএশিয়া কাজ করছে বলে জানান তিনি। একই সঙ্গে কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট চালুর বিষয়ে ফ্লাইদুবাইয়ের আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে এয়ারলাইনসগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, এটি একটি বৈশ্বিক সংকট। সবার সহযোগিতায় পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদসহ মন্ত্রণালয় এবং দেশি-বিদেশি এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
