ভোলার লালমোহন উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় সড়কের কোর রোড নেটওয়ার্ক, অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাই-বাছাই বিষয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সড়কগুলোর সঠিক তথ্য সংরক্ষণ ও যাচাই-বাছাইয়ের পাশাপাশি উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ জরুরি। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানুষের যাতায়াত সহজ করা এবং স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান, বেটসের জিআইএস বিশেষজ্ঞ মো. আদনান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল এবং প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
