শুধু ভালো ফলাফল অর্জনই নয়; বরং শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটিয়ে যুগোপযোগী শিক্ষায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এই বিশেষ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষক ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার বর্তমান অগ্রগতি পর্যালোচনা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পাঠদানে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতির প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সৃজনশীল চিন্তার প্রসারে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা উঠে আসে। এ সময় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, আত্মবিশ্বাস ও সঠিক মূল্যবোধ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ও জোরালো ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব
