বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাংলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও অন্য কর্মকর্তাদের কাছে পাঠানো ই-মেইলটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের কাছে পাঠানো একটি হুমকিমূলক ইমেইলে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইমেইলটি মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি বিদ্যালয়েও পাঠানো হয়েছিল।
ইমেইলে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাংলোয় হামলার হুমকি দেওয়া হয়েছে। একই বার্তায় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ে নির্ধারিত সংগীতানুষ্ঠানের স্থানেও হামলার হুমকি দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে হওয়ার কথা রয়েছে।
এছাড়া মুম্বাইয়ের মেয়রের কার্যালয় ও কয়েকটি বিদ্যালয়কেও লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইমেইলে খালিস্তানপন্থী স্লোগানও ছিল বলে জানা গেছে।
হুমকির বার্তা পাওয়ার পর সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ইমেইলটির সত্যতা যাচাই এবং প্রেরককে শনাক্ত করতে তদন্ত চলছে। তবে হুমকির বিশ্বাসযোগ্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
