দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৫:২৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর অনুসারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে বিএনপির নেতারা। তারা বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে আইভী। তিনি আদালতপাড়াতে স্লোগান দিয়ে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে।
১৪ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিক্ষোভের আয়োজন করে। এতে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতারাও জড়ো হন।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপন সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে বলেন, আপা আপনি মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন। বলেছেন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। আপনি জয় বাংলা স্লোগান দিয়ে পূর্বের মত রক্ত গরম করার রাজনীতি কইরেন না। বাসায় একটু আরামে ঘুমান। আপনার বাসায় যাইনি, আপনাকে ডিস্টার্ব করি নাই। আপনার সঙ্গে যারা ছিল যারা থাকবে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। আপনি এমন কোন কাজ কইরেন না যাতে সাধারণ নেতাকর্মীরা বাসায় থাকতে না পারে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, সাবেক মেয়র আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি। আপনি যদি নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান তাহলে কিন্তু আপনার হোয়াইট হাউজের বাড়ির ইটও থাকবে না। একজন কিন্তু ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আপনিও কিন্তু ভালো থাকবেন না।
মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে বলেন, আপনি আদালত প্রাঙ্গনে এসে রাজনীতি করতে চাচ্ছেন। ফ্যাসিস্ট স্বৈরাচরাকে পুনর্বাসন করতে চান। নারায়ণগঞ্জের মানুষ এ অভিলাষ পূর্ণ করতে দিবে না। যারা আদালতপাড়ায় স্লোগান দিয়েছেন তাদের প্রত্যেককে ছবি দেখে গ্রেপ্তার করা হবে। যদি আগামীতে গ্রেপ্তারে কোন ধরনের ছাড় দেওয়া হয় ও ব্যর্থ হয় তাহলে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।
তুহিন হত্যা মামলায় ১৩ অক্টোবর নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুর্নজামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুর্নজামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানী শেষে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন। তখন নেতাকর্মীরাও জয় বাংলা স্লোগান ধরেন। ওই সময়ে কাজলকে মামলার নথিপত্রের ফাইল হাতে নিয়ে আইভীর পাশে হাঁটতে দেখা যায়।
এ ঘটনার পর আইভীর আইনজীবী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, তার ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহাবুব রহমান।
১৩ অক্টোবর রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা হতে, অ্যাডভোকেট মাহাবুবকে দেওভোগে পাকা রোডের গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
-20261014112815.jpg&w=1440&q=75)