ছবি : পূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন মেয়র প্রার্থী মজির আহমেদ।
কুমিল্লার লাকসামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার প্রায় ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মজির আহমেদ। মঙ্গলবার (২০ অক্টোবর) এশার নামাজের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি উপহারসামগ্রী বিতরণ করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মজির আহমেদ বলেন, এ অঞ্চলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে অসাম্প্রদায়িক পরিবেশে বসবাস করে আসছেন। ছোটবেলা থেকেই তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হতে দেখে আসছেন। এ উৎসবের আনন্দ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে ভাগাভাগি করে নেন।
তিনি বলেন, এখানে সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু বলে কোনো বিভেদ নেই। সবাই বাঙালি ও বাংলাদেশি। বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে এবং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার পক্ষে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে তারা কাজ করছেন। তার ভাষায়, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে মজির আহমেদ মালি কলোনী, থিতিশ পুলিশের বাড়ি, লালু বাবুর কালীমন্দির, পেয়ারাপুর, জেলেপাড়া, বণিক বাড়ি, কালী বাড়ি, ঠাকুরপাড়া, সাহাপাড়া, ধামৈচা কালীবাড়ি, জগদীশ কবিরাজ বাড়ি, গরু বাজারসংলগ্ন মন্দির, জগন্নাথ বাড়ি, দারগা বাড়ি, সুবাস বাবুর বাড়ি এবং বিভিন্ন সাহা বাড়ির পূজামণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। সংসদ সদস্যের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে উপহারসামগ্রী হস্তান্তরের পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
মজির আহমেদের এ কর্মসূচিতে পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
