কালবেলা · আন্তর্জাতিক
হুতি নিয়ন্ত্রিত শহর ও বিমানবন্দরে ৭ দফা হামলা
১১/১০/২০২৬

ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার উত্তরে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় সাত দফা বিমান হামলার খবর দিয়েছে হুতিপন্থি গণমাধ্যম। এ ছাড়া সানা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে বলে জানিয়েছে হুতিদের পরিচালিত আল মাসিরা টেলিভিশন।
তবে এসব হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশজুড়ে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ হামলা চালানো হয়।
তায়েজ সামরিক অঞ্চলের এক বিবৃতিতে বলা হয়, শহরটির পূর্বাঞ্চলের আল-মাকরামি, আল জাশা ও আল সাল্লাল পাহাড়ে হুতিদের অবস্থান, সমাবেশ ও যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া প্রদেশটির দক্ষিণে আকরুজ ফ্রন্টের হিসন আল-মুখাফ ও বালান এলাকাতেও হামলা চালানো হয়। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি সেনাবাহিনী।
রাজধানী সানায়ও পৃথক বিমান হামলার খবর দিয়েছে ইয়েমেনের বিভিন্ন গণমাধ্যম। এর মধ্যে স্বাধীন সংবাদমাধ্যম ইয়েমেন ফিউচারও রয়েছে। তবে এসব হামলা কারা চালিয়েছে, তা নিশ্চিত করা হয়নি। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও প্রকাশ করা হয়নি।
অন্যদিকে হুতিদের পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, সা’দা প্রদেশের মাজজ জেলা ও সা’দা শহরে ছয়টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এ ছাড়া সাহার জেলায় রকেট হামলার খবরও পাওয়া গেছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ হামলা বন্ধের আহ্বান জানালেও সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলা অব্যাহত রাখবে তার গোষ্ঠী।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিমান সংস্থা, বিমান চলাচলসংশ্লিষ্ট কর্মী ও যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন। এসব স্থাপনা ও এলাকায় হামলা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এর এক দিন আগে, শনিবার, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন।
গত জুলাই থেকে ইয়েমেনে সংঘাত তীব্র হয়েছে। এর প্রভাব প্রতিবেশী সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা সানা ও ইয়েমেনের কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে যুদ্ধ চলছে। ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে দেশটিতে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।
সূত্র : আল জাজিরা ও আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗