ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় বেলা ১টা পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।
