নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় শিক্ষার্থীদের মাদকের অপব্যবহার থেকে দূরে রাখা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে, বাল্যবিবাহের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হয় এবং স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স ও পানির বোতল। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারাও বিতরণ করা হয়।
