পর্যটনশিল্পের বিকাশ ও পর্যটকদের আকৃষ্ট করতে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এ উৎসবে দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা, সংগীতশিল্পী, ফ্যাশন ডিজাইনার, অভিনয়শিল্পী এবং তারকা ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, দুই দিনের এ কার্নিভালে কুয়াকাটায় ৩ থেকে ৪ লাখ পর্যটকের সমাগম ঘটবে। উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের জন্য হোটেল-মোটেলের কক্ষ ভাড়ায় ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি মোতালেব শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ উপলক্ষে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান স্বাক্ষরিত এক জরুরি নোটিশে সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য চারটি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটার সব হোটেল ও মোটেলে কক্ষ ভাড়ার ওপর বাধ্যতামূলকভাবে ৫০ শতাংশ ছাড় দিতে হবে। পাশাপাশি প্রতিটি হোটেলের অভ্যর্থনা কাউন্টারে ছাড়ের পর নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে। তালিকার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
এ ছাড়া কার্নিভালের আগে ও চলাকালে হোটেল-মোটেল এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, হোটেলের প্রাঙ্গণ ও মূল ফটক নান্দনিকভাবে সাজানো এবং আলোকসজ্জার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশি-বিদেশি পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, কুয়াকাটার ঐতিহ্য ধরে রাখা এবং পর্যটনকেন্দ্রটির ইতিবাচক সুনাম অক্ষুণ্ণ রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে কিংবা পর্যটক হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মোতালেব শরীফ জানান, কার্নিভাল উপলক্ষে ইতোমধ্যে অনেক হোটেল-মোটেল নতুন রঙে সাজানো হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “আমাদের আওতাধীন ৩০০ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে প্রথম শ্রেণির অধিকাংশ হোটেলের সব কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতেও বুকিং চলছে। আশা করছি, কার্নিভালের আগেই শতভাগ বুকিং হয়ে যাবে।”
কুয়াকাটার পর্যটনশিল্পকে আরও বিকশিত করতে জেলা ও উপজেলা প্রশাসন এ কার্নিভালের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্টদের আশা, এ আয়োজনের মাধ্যমে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
The post কুয়াকাটায় দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল, হোটেল ভাড়ায় ৫০% ছাড় appeared first on ভোরের চেতনা.
