চুয়াডাঙ্গায় ভ্যান দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ এএম
ছবি: খবরের কাগজ
-->চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে রবিউল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে। সে ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাবার ভ্যান নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল রবিউল। পথে ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে রবিউল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিজানুর রহমান/তামান্না রুপা/
আরও পড়ুন
বাঁশখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম
আটক মেম্বার জামাল। ছবি: খবরের কাগজ
-->বাঁশখালীতে উপজেলা যুবলীগের সদস্য ও তাতী লীগের সাবেক সভাপতি বৈলছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বাঁশখালী থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
দুটি মামলায় দীর্ঘদিন ধরে জামাল উদ্দিনের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চাম্বলে হাসপাতাল ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগেও আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।
আরও পড়ুন
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বৈলছড়ির নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চাম্বলে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন মেম্বার জামাল। খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হকের নেতৃত্বে একদল পুলিশ থানার সামনে চেকপোস্ট বসিয়ে জামালকে গ্রেপ্তার করে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আরিফ জানান, আটক যুবলীগ নেতা মেম্বার জামাল নিষিদ্ধ এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে আসছিলেন।
শফকত হোসাইন/তামান্না রুপা/
আরও পড়ুন
ফেনীতে দুর্গাপূজার নিরাপত্তা খতিয়ে দেখলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: খবরের কাগজ
-->ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের জগন্নাথ বাড়ি মন্দির থেকে এ পরিদর্শন শুরু হয়। পরে তারা বাঁশপাড়া মন্দির, রক্ষাকালী মন্দিরসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের চলাচল ও পূজা উদযাপনের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তারা পূজা উদযাপন পরিষদের নেতারা, মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পূজামণ্ডপগুলোতে পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, এবার ফেনীতে শঙ্কামুক্ত ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, এসআরবি-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
চলতি বছর ফেনীর ছয় উপজেলায় মোট ১৫৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ফেনী সদরে ৬৫টি, সোনাগাজীতে ২৩টি, দাগনভূঞায় ১৯টি, ছাগলনাইয়ায় ৫টি, পরশুরামে ৭টি এবং ফুলগাজীতে ৩৪টি মণ্ডপ রয়েছে।]
তোফায়েল নিলয়/খাদিজা রুমি/
আরও পড়ুন
আদর্শিক মতপার্থক্যে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম
মো. আব্দুর রহমান। ছবি: সংগৃহীত
-->জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে দলের আহ্বায়ক বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীতে সেটি তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেন।
পদত্যাগপত্রে মো. আব্দুর রহমান উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় নাগরিক কমিটির মাধ্যমে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টির গঠনপ্রক্রিয়ায় যুক্ত হয়েছিলেন তিনি। গণতন্ত্র, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে দলটির সঙ্গে যুক্ত হন। তবে এনসিপির নির্বাচনী ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, দলের ভেতরে আদর্শিক ও রাজনৈতিক বিভ্রান্তি বেড়েছে। রাজনৈতিক জোট, আদর্শিক অবস্থান এবং বিভিন্ন বিষয়ে দলের সিদ্ধান্ত তাঁর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুন
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে জামায়াত-শিবিরের অবস্থানের একাকার হয়ে যাওয়ার প্রবণতা তাঁকে হতাশ করেছে। এ পরিস্থিতিতে দলের পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা নৈতিক ও আদর্শিকভাবে অসংগতিপূর্ণ মনে করছেন তিনি।
আব্দুর রহমান বলেন, রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় দলটির সঙ্গে পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।
পদত্যাগপত্রের শেষাংশে তিনি এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
বিধান মজুমদার অনি/এসএন
আরও পড়ুন
ঝালকাঠিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মৎস্য অভিযান চালানোর সময় স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্দির দিঘির পাড়সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
আহত অন্যরা হলেন- আনসার সদস্য জসিম ও রেজাউল, স্পিডবোটচালক মো. আশরাফুল এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান।
আরও পড়ুন
আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। স্পিডবোটচালক মো. আশরাফুল ও আনসার সদস্য রেজাউল আলমকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে সুগন্ধা নদীতে মৎস্য অভিযান চলছিল। এ সময় ইউএনওসহ অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্পিডবোটে করে নদীতে টহল দিচ্ছিলেন। একপর্যায়ে স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা খায়। এতে স্পিডবোটে থাকা নয়জন আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইউএনওসহ অন্য আহতদের চিকিৎসা দেওয়া হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত আছেন।’
মো. নেয়ামুল/রিফাত/
