

নেত্রকোনা জেলা ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক।
নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামের নির্দেশনায় বুধবার রাতে জেলা ডিবি পুলিশের একটি টিম কলমাকান্দা উপজেলার গুমাই ব্রিজের উপর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলামকে আটক করেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হাফিজুল ইসলাম বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দশটার দিকে জেলা গোয়েন্দা শাখা পূর্ব এসআই তোফায়েল হোসেনের নেতৃত্বে সঙ্গীও ফোর্স কলমাকান্দা নেত্রকোনা সড়কের গুমাই ব্রিজের উপর বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর দুই ভাগে রক্ষিত ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ নজরুল ইসলাম কলমাকান্দা উপজেলার চন্দনকান্দি গ্রামের মৃত চান্দু ক্ষার ছেলে। এ ব্যাপারে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে।
যুবদল নেতা জহির হত্যায় শোকের ছায়া, ন্যায়বিচারের আশ্বাস এমপি আজাদের
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরের বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত হয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এ সময় তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দেন। নিহত জহির ফকির (৪৫) আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কও ছিলেন। তিনি কালাপাহাড়িয়া এলাকার আব্দুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জহির ফকিরের নিজ বাড়ি আড়াইহাজারে হলেও প্রায় ১৫ বছর ধরে তিনি মুন্সীগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পাশাপাশি সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসির দোকান ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে জহির ফকিরকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যেও এ হত্যাকাণ্ড নিয়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. বারিক (পিপিএম) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছিল। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি রয়েছে। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।

বন্ধ কারখানা কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার
বন্ধ ও উৎপাদন কার্যক্রমে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস ও এশিয়াটিক কটন মিলস পরিদর্শনকালে তিনি শিল্পপ্রতিষ্ঠান দুটির সার্বিক কার্যক্রম, বিদ্যমান অবকাঠামো, উৎপাদন সক্ষমতা এবং উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চট্টগ্রামের নো ভিউ গেস্ট হাউসও পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিল দুটির বর্তমান অবস্থা, কার্যক্রম এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বস্ত্র ও পাট খাতের উন্নয়ন, শিল্পসম্পদের কার্যকর ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বস্ত্র ও পাটশিল্পের রয়েছে দীর্ঘ ঐতিহ্য এবং বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, জনবল ও উৎপাদন সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি করতে হবে। তিনি আরও বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল এবং পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্ববাজারে এর বিশেষ গুরুত্ব রয়েছে। অন্যদিকে, বস্ত্র ও টেক্সটাইল খাত দেশের শিল্পায়ন, রপ্তানি আয় এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ দুটি খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানো এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার উপযোগী পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। শরীফুল আলম বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা গেলে শিল্প খাতের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় শিল্পসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট করপোরেশন ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিদর্শনকালে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কবির উদ্দিন সিকদার, এনডিসি, পিএসসি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘বাদাম বেইচ্চা প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইছি, জীবনে আর কী লাগে’
‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কইলাম! আমার জীবন সার্থক। বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে!’—প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন খুলনার স্থানীয় বাদাম বিক্রেতা রাজু। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন রাজু। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজের অনুভূতির কথা জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যান তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। যাওয়ার পথে উপস্থিত অনেকের সঙ্গে হাত মেলান তারেক রহমান। কারও কারও মাথায় হাত বুলিয়ে দেন তিনি। এ সময় স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান প্রধানমন্ত্রী। প্রিয় নেতাকে কাছে পেয়ে রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’ এরপর সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। সফরসূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এরপর প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

বোরকা পরে হা'মলার সময় পাল্টা হা'মলায় যুবক নিহত
মাদারীপুরের কালকিনি উপজেলার কালিগঞ্জ বাজারে বোরকা পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হামলাকারীদের ধাওয়া করে তাইজুল সরদার (২২) নামে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার মৃত রুস্তম আলী সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাজারে হানিফ হাওলাদারের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মহসিন চৌকিদার, জহির চৌকিদার এবং আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকে করে আসা বোরকা পরা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহসিন ও জহিরকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে। এরপর হামলাকারীদের ধাওয়া করা হয়। এ সময় তাইজুল সরদার ও আল আমিন সরদারকে কুপিয়ে জখম করা হয়। আহত মহসিন ও জহির কালকিনির কালিগঞ্জ এলাকার মোতালেব চৌকিদারের ছেলে। অপর আহত আল আমিন মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত মহসিন ও জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাইজুলের চাচা সোবাহান সরদারের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের নির্দেশে তাঁর ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে হামলার সময় তাইজুলের ভূমিকা কী ছিল এবং তাঁকে কারা কুপিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সোবাহান সরদার বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের নির্দেশেই ১০-২০ জন মিলে আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে। মিলন ও তাঁর লোকজনের ফাঁসি চাই।’ অভিযোগের বিষয়ে জানতে হাফিজুর রহমান মিলন সরদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তার অথবা পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বৃষ্টির জন্য যে জেলায় মুসল্লিদের নফল নামাজ আদায়!
দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানিয়ে খোলা আকাশের নিচে সিলেটের বিশ্বনাথে নফল নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার হাসনাজি গ্রামের খোলা মাঠে এই নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। জানা যায়, উপজেলার হাসনাজি ও উত্তর দৌলতপুর গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা এক হয়ে এই নফল নামাজ ও বিশেষ দোয়ায় আয়োজনে অংশ নেন। খুতবা পাঠ ও নামাজে ইমামতি করেন বুরাইয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। নামাজ শেষে অনাবৃষ্টি ও তীব্র খরা থেকে রক্ষা পেতে, ফসলের সুরক্ষায় এবং দেশের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে আকুতি জানিয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া পড়ান সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান। এলাকাবাসীর বরাত দিয়ে নামাজে উপস্থিত থাকা ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো.আরব খাঁন বলেন, দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৃষ্টিপাত নেই। পানির অভাবে চাষাবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। এই অনাকাঙ্ক্ষিত খরা থেকে মুক্তি ও স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতেই আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনায় তারা এ নামাজের আয়োজন করেছেন।


