লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মঙ্গলবার ‘ট্রান্সফরমেশন ইন দ্য এইজ অব এআই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দক্ষ হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী হওয়া বাধ্যতামূলক নয়। বরং বাস্তবতার সঙ্গে নিজেকে কীভাবে খাপ খাওয়ানো যায়, সে বিষয়ে পরিকল্পনা থাকতে হবে। প্রথমে নিজেকে অনুপ্রাণিত করতে হবে এবং নিজের লক্ষ্য অর্জনে উদ্যোগী হতে হবে। পরিবর্তনের জন্য প্রয়োজন সঠিক কৌশল।
তিনি বলেন, এআইয়ের যুগে অনেক সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সংগ্রহে এআই ব্যবহার করা যেতে পারে। ক্যারিয়ার গড়তে প্রথমে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে স্বতন্ত্রভাবে উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে এআই দিকনির্দেশনা ও কৌশল নির্ধারণে সহায়তা করতে পারে।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভালো ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের মূল প্রবন্ধ উপস্থাপকের পরামর্শ অনুসরণ করে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।
লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক ও কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সমন্বয়ে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
