ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণবিধি বা সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বরসংবলিত পিলার বা নির্দেশিকার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
জাকারিয়া তাহের বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কয়েকজন বাধা দিচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন। সরকারি দায়িত্ব পালনে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যায় করে কেউ পার পাবে না। ইতোমধ্যে একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার সকালে রাজশাহী নগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন গণপূর্তমন্ত্রী।
দুপুরে সড়ক নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কাশিয়াডাঙ্গা এলাকায় আরডিএর উদ্যোগে গড়ে ওঠা প্রান্তিক আবাসিক এলাকার উদ্বোধন করেন তিনি। পরে ওই এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এছাড়া সংযোগ সড়ক ও উড়ালসড়কের উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহী নগরীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নম্বরসংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। একই সঙ্গে রাজশাহীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
