প্রায় এক দশক পর নতুন কোনো মডেল নিয়ে বাজারে ফিরেছে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার। ম্যানহাটনে আয়োজিত ইভেন্টে অল-ইলেকট্রিক গাড়ি ‘জাগুয়ার টাইপ ০১’ উন্মোচন করেছে ব্রিটিশ ব্র্যান্ডটি। এক লাখ ৩০ হাজার ডলার মূল্যের ইভিটির উদ্বোধনী অনুষ্ঠানে হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ ও এনবিএ তারকা কার্ল-অ্যান্টনি টাউন্সসহ অনেক সেলিব্রিটি এবং প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খবর সিএনএন।
প্রায় দুই বছর আগে নিজেদের নতুন লোগো উন্মোচনের পর থেকেই ভবিষ্যতের ব্র্যান্ডিং নিয়ে নতুনভাবে পথচলা শুরু করেছে ঐতিহ্যবাহী ব্র্যান্ডটি। উদ্বোধনী অনুষ্ঠানে জাগুয়ারের ব্যবস্থাপনা পরিচালক রাউডন গ্লোভার মঞ্চে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজ আমরা বলতে পারি জাগুয়ার ফিরে এসেছে।’
একসময়ের মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউর মতো ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বী জাগুয়ার বিগত বছরগুলোয় মালিকানা পরিবর্তন এবং পুরনো মডেলের কারণে কিছুটা পিছিয়ে পড়েছিল। বিশেষ করে ফোর্ড ও পরবর্তী সময় ভারতের টাটা মোটরসের অধীনে যাওয়ার পর ব্র্যান্ডটির পুরনো সেই জৌলুস কিছুটা ম্লান হয়ে যায়। সাম্প্রতিক বছরগুলোয় টেসলা ও পোরশের মতো নতুন প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে গেলেও জাগুয়ারের বেশির ভাগ মডেলের উৎপাদন বন্ধ ছিল। তবে সব প্রতিকূলতা কাটিয়ে একেবারে নতুন রূপে হাজির হয়েছে ১০৪ বছরের পুরনো ব্র্যান্ডটি।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, টাইপ ০১ মডেলটি তরুণ ক্রেতাদের আকর্ষণ করার লক্ষ্যেই তৈরি করা। গাড়িটি একবার চার্জে প্রায় ৪৫০ মাইল পথ পাড়ি দিতে পারে এবং ৩ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ৬২ মাইল গতি তুলতে সক্ষম।
মোবিলিটি গ্লোবালের প্রধান অটোমোটিভ বিশ্লেষক স্টেফানি ব্রিনলি বলেন, ‘গাড়িটি প্রথম দেখাতেই বেশ আকর্ষণীয় মনে হয়। এটি এমন এক শ্রেণীর ক্রেতার জন্য তৈরি, যারা প্রথাগত বিলাসবহুল গাড়ির ধারণার বাইরে ভিন্ন কিছু খুঁজছেন।’
কেলি ব্লু বুকের ব্যবস্থাপনা সম্পাদক শন টাকার জানান, জাগুয়ার এখন পুরোপুরি ভিন্ন একটি বাজারে প্রবেশ করছে। যেখানে অ্যাস্টন মার্টিন ও ফেরারির মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে প্রতিষ্ঠানটি। তবে ছয় অংকের মূল্যের বিলাসবহুল ইভি বিক্রি করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
