নোয়াখালীতে পৃথক ঘটনায় একদিনে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। অপরদিকে গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বেগমগঞ্জে এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। একই দিন রাতে ১০টার দিকে সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেগমগঞ্জে গুলিবিদ্ধ কামরুল হাসান (২৪) পেশায় একজন দর্জি। অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কয়েকজন তার পথরোধ করে গুলি ছোড়েন এবং মোটরসাইকেল নিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
অন্যদিকে, সোনাইমুড়ীতে গুলিবিদ্ধ জামাল উদ্দিনের (৬০) বাম পা ও রানে গুলি লেগেছে। উপজেলার ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের দোকানে বসে থাকা অবস্থায় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
দুজনকেই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্তমানে আশঙ্কামুক্ত।
দুটি ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
নোয়াখালী সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসেছিলেন। সেসময় দুজন ব্যক্তি হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি করে। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
এই দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে তবে তারা আশঙ্কামুক্ত।
