চাঁদপুরের মতলব দক্ষিণে চরমুকুন্দী গ্রামের জোর ব্রিজ এলাকার একটি বিল থেকে কম্বলে মোড়ানো বস্তাবন্দি মধ্যবয়সী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ; তাঁর পরিচয় শনাক্ত না হলেও কয়েক দিন আগে তাঁকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার একটি বিল থেকে কম্বলে মোড়ানো বস্তাবন্দি মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোর ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে গ্রামের এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি বিলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত চলছে।
