স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছে থাকা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই রুম্মান ও এএসআই জসিমসহ থানা পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে রাজিব সিকদারকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আমির আলী সিকদারের ছেলে। পরে তাঁর কাছে তল্লাশি চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক রাজিব সিকদারকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ নলছিটি থানায় নেওয়া হয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা করা হয়েছে।
The post নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক appeared first on sokalerkhobor24.com.
