লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে রঙিন অধ্যায়ের ইতি টেনেছেন দিন কয়েক আগেই। জাতীয় দলের হয়ে নিজের ২০৮তম ম্যাচ খেলে বলেছেন গুডবাই। বুয়েনস এইরেসের মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটিই হয়ে গেল আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ।
বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের ছয় সপ্তাহ পর তিনি বলেছিলেন, জাতীয় দলের হয়ে দেওয়ার মতো আর কিছু তার বাকি নেই!
জাতীয় দলকে বিদায় জানালেও ফুটবল থেকে এখনই দূরে সরে যাচ্ছেন না মেসি। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি ২০২৮ মৌসুম পর্যন্ত। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকলে চুক্তি আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
তবে ভবিষ্যতে মেসিকে শুধু খেলোয়াড় হিসেবে দেখার সম্ভাবনা কম। বরং ফুটবল ক্লাবের মালিক হিসেবে তাকে আরও সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে।
স্পেনে এরই মধ্যে সেই কাজ শুরু করেছেন তিনি। গত এপ্রিলে পঞ্চম স্তরের ক্লাব ইউই করনেল্লা কিনেছেন মেসি। এরপর ১ অক্টোবর দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেন্সের মালিকানা নেওয়ার ঘোষণা আসে। স্পেনের ক্রীড়া কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর এটি হবে তার ফুটবল ব্যবসার প্রধান ক্লাব। এলদেন্সকে অবনমন থেকে বাঁচানোই আপাতত প্রধান লক্ষ্য।
ক্লাবের ম্যাচগুলো মেসি নিয়মিত অনুসরণ করছেন। এলদেন্স ৪-১ গোলে রিয়াল ওভিয়েদোকে হারানোর পর মালিক হিসেবে তার প্রথম প্রতিক্রিয়া ছিল ইনস্টাগ্রামে লেখা, ‘আউপা দেপোর্তিভো’।
উরুগুয়েতেও সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে মিলে ২০২৫ সালে ডেপোর্তিভো এলএসএম প্রতিষ্ঠা করেছেন মেসি। প্রথম মৌসুমেই ক্লাবটি তৃতীয় বিভাগে ওঠে।
মেসির আরেকটি বড় আগ্রহ তরুণ ফুটবল। তার ছেলে কোথায় খেলছে, তা দেখতে নিয়মিত মাঠে যান তিনি। ২০২৫ সালে শুরু হওয়া ‘মেসি কাপ’-এ অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বিভিন্ন একাডেমি অংশ নেয়। এবার দল বেড়ে হয়েছে ১৬টি। বার্সেলোনা, চেলসি, আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবের একাডেমিও থাকছে এতে।
ফুটবলের বাইরে মেসির ব্যবসার পরিধিও বড়। হোটেল ব্যবসা, আবাসন প্রকল্প, রেস্তোরাঁ, স্পনসরশিপ ও পানীয়ের পণ্যসহ বিভিন্ন খাতে তার বিনিয়োগ রয়েছে। ফোর্বসের হিসাবে, জুনে মেসির সম্পদের পরিমাণ প্রায় ১১০ কোটি ডলার এবং গত এক বছরে ফুটবল ও ব্যবসা মিলিয়ে তার আয় প্রায় ১৪ কোটি ডলার।
মেসি নিজেও অবশ্য জানেন, এই জগত তার জন্য এখনো নতুন। গত বছর এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘ব্যবসা আমাকে আগ্রহী করে। আমি শিখতে চাই, কারণ আমি এখনো কিছুই জানি না।’
