খাগড়াছড়িতে ৪২০ শিক্ষার্থীর মধ্যে ৪৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে পৌর টাউন হলে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, জেলা বিএনপির সাধারনণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ি জেলার মেধাবী ও হত-দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে শিগগিরই একটি ফান্ড গঠনের ঘোষণা দেন এবং প্রাথমিকভাবে এই ফান্ডে এক লাখ দেওয়ারও ঘোষণা দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাফল্যের জন্য মেধার পাশাপাশি অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা জরুরি। শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। এ সহায়তা কাজে লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
