মো: একলাছ উদ্দীন (কিশোরগঞ্জ প্রতিনিধি )
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী পুরান বাজারে বসেছে ঐতিহ্যবাহী ঢাকির হাট। দুর্গাপূজার আনন্দ-উৎসবে ঢাকের তালে মাতোয়ারা হতে প্রস্তুতি নিচ্ছেন ঢাকিরা। পূজামণ্ডপগুলোতে ঢাক বাজানোর জন্য ঢাকি সংগ্রহের এ আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
২০২৬ সালের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কটিয়াদী ঐতিহ্যবাহী ঢাক মহল পরিচালনায় এবং কটিয়াদী পশ্চিমপাড়ার শ্রীমা সংঘের আয়োজনে এ হাটের আয়োজন করা হয়েছে।
কটিয়াদী পুরান বাজারে আয়োজিত এ ঢাকির হাটে ঢাকিরা তাঁদের ঢাক নিয়ে সমবেত হন। অন্যদিকে, বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী ঢাকি সংগ্রহের সুযোগ পান। দুর্গাপূজায় ঢাকের বাদ্য শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ নয়, বরং বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ঢাক বাজিয়ে আসা শিল্পীদের জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রেও এ ধরনের ঢাকির হাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্থানীয়দের প্রত্যাশা, কটিয়াদীর এ ঐতিহ্যবাহী ঢাকির হাট দুর্গোৎসবের সাংস্কৃতিক আবহকে আরও প্রাণবন্ত করবে এবং ঢাকশিল্পীদের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।
The post শারদীয় দুর্গোৎসব ঘিরে কটিয়াদীতে ঐতিহ্যবাহী ঢাকির হাট appeared first on Daily Khaborer Alo.
