বাংলাদেশের আন্দোলনের আদলে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, নির্বাচন কমিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিরোধীদের আন্দোলন সীমাবদ্ধ নয়। বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ক্ষমতার পালাবদল ঘটানোই তাদের লক্ষ্য।
শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বিরোধী দলগুলোর সমালোচনা করে এসব কথা বলেন রাজনাথ। তার অভিযোগ, আন্দোলনের মাধ্যমে তরুণদের ‘অরাজক রাজনীতির ঘুঁটি’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রাজনাথ বলেন, বিরোধীদের বক্তব্য থেকেই স্পষ্ট যে তাদের আন্দোলন নির্বাচনী সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
কংগ্রেসের সমালোচনা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দলটি ও তাদের মিত্ররা সংবিধানের মূল কাঠামো দুর্বল করতে এবং দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি আরও বলেন, কংগ্রেস নেতারা ‘গান্ধী’ নাম ব্যবহারের নৈতিক অধিকার হারিয়েছেন।
এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন নিয়ে বিতর্ক শুরু হয় দলটির সঙ্গে সংশ্লিষ্ট নেত্রী নেহা বোরার একটি ভিডিওকে কেন্দ্র করে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ভারতে জেন-জি তরুণদের আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে। তিনি বাংলাদেশের আন্দোলনকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবেও উল্লেখ করেন।
বিজেপিপন্থী নেতারা ভিডিওতে দেওয়া নেহা বোরার বক্তব্যকে ভারতে সরকার পরিবর্তনের প্রচেষ্টার সঙ্গে যুক্ত করে সমালোচনা করেছেন।
এমএমটি
-20261016084403.jpg&w=1440&q=75)