বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য ড্রয়ের পর দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান। এক আফগান ক্রিকেটারকে কঠিন শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁর নামের পাশে জুটেছে এক ডিমেরিট পয়েন্ট।
আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট শেষে আফসার জাজাইকে শাস্তির কথা গতকাল নিশ্চিত করেছে আইসিসি। আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। তাঁর নামের পাশে একটা ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.৪ অনুচ্ছেদ লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অনুচ্ছেদে ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার বিধান রয়েছে।
জাজাই বাংলাদেশ টেস্টে ছিলেন দ্বাদশ খেলোয়াড়। গত পরশু আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের পঞ্চম দিনের ঘটনায় মূলত তিনি শাস্তি পেয়েছেন। খেলার মাঠে না ঢুকতে এবং সময় নষ্ট না করতে মাঠের আম্পায়াররা তাঁকে একাধিকবার নির্দেশ দেন। কিন্তু জাজাই তা উপেক্ষা করেছেন। এরপর আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ১৩৯তম ওভারে মাঠের আম্পায়ারদের অনুমতি ছাড়াই জাজাই ফের খেলার মাঠে ঢোকেন।
জাজাইয়ের বিরুদ্ধে মাঠের আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি অভিযোগ আনেন। ম্যাচ রেফারি ডেভ গিলবার্ট শাস্তি দিয়েছেন। জাজাই দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
লেভেল-১ পর্যায়ের অপরাধের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি হিসেবে খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হয়। নামের পাশে এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়ার নিয়ম রয়েছে। জাজাই গত ২৪ মাসে এটাই প্রথম অপরাধ করেন।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পঞ্চম দিনের খেলা যখন শেষভাগে, তখন আলোচিত ঘটনা ঘটিয়েছেন কায়েস আহমেদ। ইনিংসের ১৪০তম ওভার করতে আসেন তাইজুল ইসলাম। সেই ওভারের দ্বিতীয় বল ডিফেন্ড করার পর কায়েস বসে পড়েন। আফগান টেলএন্ডার ব্যাটার বাঁ পাশের হ্যামস্ট্রিংয়ের চোটের দিকে ইঙ্গিত করেন। ফিজিওরাও দ্রুত চলে আসেন। ক্যামেরার লেন্স ডাগআউটে ঘুরতেই দেখা যায়, আফগানিস্তানের ক্রিকেটাররা ব্যাপারটা উদযাপন করছেন। কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখেমুখে তখন দেখা গেছে বিরক্তির ছাপ। সামাজিক মাধ্যমে এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে।
জাজাই সবশেষ টেস্ট খেলেন এ বছরের জুনে ভারতের বিপক্ষে নিউ চন্ডীগড়ে। সেই টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারায় ভারত। তবে এবার বাংলাদেশের বিপক্ষে ড্র করে আফগানিস্তান। আবুধাবিতে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্যে নেমে ১৪২ ওভারে ৮ উইকেটে ৩৪৬ রানে থেমে যায় আফগানরা।
