বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি বাথরুমের সিলিংয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে ভবনটির ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় অষ্টম ও নবম তলায়। সেখানে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে সে সময় জানানো হয়েছিল। ভবনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কার্যালয় ছিল।
ওই আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়ার সময় ফায়ার সার্ভিসের কর্মী মো. সোহানুর জামান নয়ন ট্রাকের ধাক্কায় নিহত হন। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনের বিশেষ দলের সদস্য ছিলেন। আগুন নেভানোর জন্য পানির পাইপ নিয়ে সচিবালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
