যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পারিশ্রমিক হিসাবে সবার ওপরে উঠে গেলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক এতটাই বেশি যে, লিগের ৩০টি দলের মধ্যে ২৮টির পুরো স্কোয়াডের খেলোয়াড়দের সম্মিলিত নিশ্চিত পারিশ্রমিকের চেয়েও বেশি পান তিনি। অর্থাৎ, একটি দলের পুরো খেলোয়াড় তালিকার পেছনে যত অর্থ ব্যয় হয়, একাই তার চেয়ে বেশি অর্থ পান ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড।
মেজর লিগ সকার প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (এমএলএসপিএ) ২০২৬ সালের বেতন নির্দেশিকা অনুযায়ী, মেসির বার্ষিক মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার। আর বোনাস, বিপণন-সংক্রান্ত প্রণোদনা ও এজেন্ট ফিসহ তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার।
বিজ্ঞাপন
এই অঙ্কে পারফরম্যান্সের ওপর নির্ভরশীল বোনাস কিংবা ক্লাব ও এর সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে মেসির করা অন্য কোনো চুক্তির অর্থ অন্তর্ভুক্ত নেই। ফলে এমএলএসে প্রকাশিত পারিশ্রমিকের বাইরেও তার আয়ের আরও উৎস রয়েছে।
মেসির চেয়ে কম ২৮ দলের সম্মিলিত পারিশ্রমিক
বিজ্ঞাপন
মেসির আয়ের বিশালত্ব বোঝাতে এমএলএসের দলগুলোর সম্মিলিত নিশ্চিত পারিশ্রমিকের সঙ্গে তার ব্যক্তিগত পারিশ্রমিকের তুলনা করা যায়। লিগের ৩০টি দলের মধ্যে শুধু দুটি দলের পুরো স্কোয়াডের নিশ্চিত পারিশ্রমিক মেসির অঙ্ককে ছাড়িয়ে গেছে।
এর মধ্যে ইন্টার মায়ামির খেলোয়াড়দের সম্মিলিত নিশ্চিত পারিশ্রমিক প্রায় ৫ কোটি ৪৬ লাখ ডলার। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) এই অঙ্ক প্রায় ৩ কোটি ২৬ লাখ ডলার। বাকি ২৮টি দলের ক্ষেত্রে সম্মিলিত নিশ্চিত পারিশ্রমিক মেসির ব্যক্তিগত পারিশ্রমিকের চেয়ে কম।
উদাহরণ হিসেবে ফিলাডেলফিয়া ইউনিয়নের কথা বলা যায়। দলটির পুরো স্কোয়াডের খেলোয়াড়দের সম্মিলিত নিশ্চিত পারিশ্রমিক প্রায় ১ কোটি ১৭ লাখ ডলার। অর্থাৎ, মেসির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিকের অর্ধেকেরও কম।
বিজ্ঞাপন
আটলান্টা ইউনাইটেডের পুরো স্কোয়াডের নিশ্চিত পারিশ্রমিক প্রায় ২ কোটি ৭৯ লাখ ডলার। সেটিও মেসির একার পারিশ্রমিকের চেয়ে কম। ইন্টার মায়ামির ক্ষেত্রেও মেসির পারিশ্রমিকের প্রভাব স্পষ্ট। ক্লাবটির পুরো স্কোয়াডের নিশ্চিত পারিশ্রমিকের প্রায় অর্ধেকই বরাদ্দ এই আর্জেন্টাইন তারকার জন্য।
সন ও ডি পলের চেয়েও অনেক এগিয়ে
বিজ্ঞাপন
এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অন্য খেলোয়াড়দের তুলনায়ও মেসির অবস্থান অনেক দূরে। বেতন তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এলএএফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন। তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ১ লাখ ৫২ হাজার ৮৫২ ডলার। তৃতীয় স্থানে রয়েছেন মেসির ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল। তাঁর বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ৯৬ লাখ ৮৮ হাজার ৩২০ ডলার।
অর্থাৎ, মেসির নিশ্চিত পারিশ্রমিক সনের দ্বিগুণেরও বেশি। এমনকি সন ও ডি পলের পারিশ্রমিক যোগ করলেও তা মেসির একার পারিশ্রমিকের চেয়ে কম থাকে।
লিগের সাধারণ খেলোয়াড়দের সঙ্গে তুলনা করলে ব্যবধান আরও বড়। ৯১১ জন ফুটবলারের পারিশ্রমিকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এমএলএসে একজন খেলোয়াড়ের গড় বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক প্রায় ৬ লাখ ৮৬ হাজার ডলার। আর মধ্যম পারিশ্রমিক প্রায় ৩ লাখ ৫০ হাজার ডলার।
বিজ্ঞাপন
এই হিসাব অনুযায়ী, মেসির নিশ্চিত পারিশ্রমিক লিগের একজন খেলোয়াড়ের গড় পারিশ্রমিকের প্রায় ৪১ গুণ। আর মধ্যম পারিশ্রমিকের তুলনায় তা প্রায় ৮১ গুণ।
মাঠের বাইরের আয় আরও বড়
এমএলএসে প্রকাশিত ২ কোটি ৮৩ লাখ ডলারের বেশি পারিশ্রমিক মেসির মোট আয়ের সম্পূর্ণ চিত্র নয়। এমএলএসপিএর বেতন নির্দেশিকায় ক্লাব বা এর সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে করা কিছু ব্যক্তিগত চুক্তির অর্থ অন্তর্ভুক্ত করা হয় না। একইভাবে পারফরম্যান্সের ওপর নির্ভরশীল কিছু বোনাসও এই হিসাবের বাইরে থাকে।
বিজ্ঞাপন
এর বাইরে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে মেসির বাণিজ্যিক চুক্তি ও স্পনসরশিপ থেকে আয়। ফলে যুক্তরাষ্ট্রে তাঁর মোট উপার্জন শুধু এমএলএসে প্রকাশিত নিশ্চিত পারিশ্রমিক দিয়ে পরিমাপ করা সম্ভব নয়।
মেসির এই বিপুল পারিশ্রমিক এমএলএসের বেতন কাঠামোর দুটি ভিন্ন চিত্রও তুলে ধরে। একদিকে রয়েছেন লিগের সবচেয়ে বড় তারকারা, যাঁদের পারিশ্রমিক অন্যদের তুলনায় অনেক বেশি। অন্যদিকে রয়েছেন অধিকাংশ খেলোয়াড়, যাঁদের আয় সেই তুলনায় অনেক কম।
বিজ্ঞাপন
আর এই ব্যবধানের শীর্ষে রয়েছেন মেসি। তার ব্যক্তিগত পারিশ্রমিক শুধু লিগের অন্য তারকাদের ছাড়িয়ে যায়নি, ছাড়িয়ে গেছে ৩০টি দলের মধ্যে ২৮টির পুরো স্কোয়াডের সম্মিলিত নিশ্চিত পারিশ্রমিককেও।
আইএইচএস/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
