প্রকাশ: ২৩:২৫, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
মৌলভীবাজার২৪ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত সংলগ্ন ৬৪টি পূজামণ্ডপে এই বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম, হবিগঞ্জ জেলা সদরের ৫ নং গোপায়া ইউনিয়নের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন ব্যাটালিয়ন অধিনায়ক। পরে তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতির কাছ থেকে সার্বিক খোঁজখবর নেন এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
জানা গেছে, ৫৫ বিজিবির দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত রেখার ৮ কিলোমিটারের মধ্যে ৬৩টি এবং ইউনিট সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ১টিসহ সর্বমোট ৬৪টি পূজামণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করা হচ্ছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিয়োজিত বিজিবি সদস্যরা নিয়মিত সীমান্ত সুরক্ষার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিজিবি টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে।
অন্যদিকে, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি ৫৫ বিজিবির বিভিন্ন অভিযানে ২৫ জন আসামিসহ ৬২ কোটি ৫৪ লাখ ৩ হাজার ১০৭ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য, গাঁজা ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
