যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ মানসিকতার নাগরিক হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি এলাকার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় সংলগ্ন মাঠে ‘বসুন্ধরা ক্রীড়া চক্রের’ নবনির্মিত ক্লাব ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং অপরাধমূলক প্রবণতা থেকে দূরে থাকতে সহায়তা করে। দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন জরুরি।
তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের তরুণদের যথাযথ পরিচর্যা ও খেলাধুলার সুযোগ দেওয়া হলে তাঁরাই একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে লালমনিরহাটের সুনাম বৃদ্ধি করবে। বসুন্ধরা ক্রীড়া চক্রের নবনির্মিত ক্লাব ভবনটি এলাকার তরুণদের ক্রীড়াচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বসুন্ধরা ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা জাফরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন।
এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক তরুণ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে নবনির্মিত ক্লাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
The post মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
