ভুক্তভোগীর সাক্ষাৎকার গ্রহণের সময় তাঁর মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা এবং সংবাদ প্রকাশের পর নতুন করে ট্রমায় পড়ার ঝুঁকি কমানোর বিষয়ে সাংবাদিকতার শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়েছেন স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম।
সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের ফোজো মিডিয়া ইনস্টিটিউট, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এজাইল প্রকল্প এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক, সিজেইএন বাংলাদেশ-এর পৃষ্ঠপোষকতায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে ছয় দিনব্যাপী ‘ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড ট্রমা ইন জার্নালিজম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি চলছে। এর তৃতীয় দিনের ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
সেশন চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীর সাক্ষাৎকার কীভাবে গ্রহণ করতে হয়, তা হাতে-কলমে শেখান মনিরুল ইসলাম।
এ সময় প্রতিকূল পরিবেশে সংবেদনশীল প্রতিবেদন তৈরি, ভুক্তভোগীর সম্মতি ও গোপনীয়তা রক্ষা এবং সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
