চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর ইউনিটের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ব্যাংকের দুজন কর্মকর্তা-কর্মচারী এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।
গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত আনুমানিক সোয়া তিনটার দিকে নৈশপ্রহরী নিত্য শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানকে অগ্নিকাণ্ডের খবর দেন। জানা গেছে, কে বা কারা জানালা দিয়ে ঢিল ছোড়ার মতো কিছু একটা ভেতরে নিক্ষেপ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নেভায়। এতে ভবনের দ্বিতীয় তলার আসবাবপত্র পুড়লেও প্রয়োজনীয় নথিপত্র নিরাপদে রয়েছে। পেট্রোল বোমা বা অন্য কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
চাঁদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ৪টা ১০ মিনিটে পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের কক্ষে আগুন ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর
