উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের কাজে জড়িত চারটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। হামলার পর জাহাজগুলোতে আগুন ধরে যায় বলে জানিয়েছে বাহিনীটি। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আইআরজিসির নৌবাহিনী আরও জানিয়েছে, হরমুজ প্রণালির পশ্চিমে তিনটি জাহাজ সমুদ্রের মাইনের সংস্পর্শে আসে। তবে এসব ঘটনায় হতাহত বা জাহাজগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সংঘাত আরও বাড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের এই বাহিনী।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। এই প্রণালি দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়।
তবে হামলার শিকার জাহাজগুলোর নাম, সেগুলোর মালিকানা কিংবা ঘটনার সুনির্দিষ্ট সময় সম্পর্কে আইআরজিসি বিস্তারিত তথ্য দেয়নি। হামলার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
