কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আসামিদের কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা ও আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পূর্ব শত্রুতার জেরে পথিমধ্যে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার দু’দিন পর নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কুমারখালী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন ২০১৩ সালের ৯ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ জনকে খালাস এবং অন্য ২ জনকে ২ বছর করে কারাদ-ের আদেশ দেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
