নীলফামারীর ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ঠাকুরগঞ্জ পিয়াজুপাড়া এলাকায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপির টহল দল এ অভিযান চালায়।
৫১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে বিজিবির টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যদের দেখে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।
আটক সেলিম ডিমলা উপজেলার দারাজগঞ্জ ডাকঘর এলাকার আব্দুর রশিদের ছেলে। তাঁর কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক জব্দমূল্য ২২ হাজার টাকা।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির বক্তব্য ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
৫১ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে।
