বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। ছবি: খবরের কাগজ
স্থানীয় সরকার নির্বাচন ও সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। তিনি বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। বিএনপি যাঁকে মনোনয়ন দেবে, তার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে জনগণ ভোট দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমেই তার জবাব দেবে।
আরও পড়ুন
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে চিফ হুইপ বলেন, অর্থ পাচার ও ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। নানা সংকটের মধ্যেও সরকার দেশ পুনর্গঠনের চেষ্টা করছে। বিরোধী পক্ষের বিভিন্ন কর্মসূচি এই উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য করছাড় দিয়েছেন। এ সুযোগ কাজে লাগানো গেলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ২৫ কোটি বৃক্ষ রোপণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং সংগঠনকে শক্তিশালী করার কাজে তৃণমূলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ বাস্তবায়ন এবং দেশকে এগিয়ে নিতে তৃণমূলের নেতাকর্মীরা কাজ করছেন।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, মহান মুক্তিযুদ্ধে সম্মুখসারিতে থেকে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন জিয়াউর রহমান। পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাকে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে।
এর আগে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সমানে রেখে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেনি তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
সম্মেলন উদ্বোধন করেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল। সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম ফারুক। সাংগঠনিক বক্তব্য দেন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জামাল হোসেন।
এতে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএন/
