ব্রাসিলিয়া,২৫ অক্টোবর- মাঠে নেমে আলোচনার জন্ম দেওয়া যেন নেইমার জুনিয়রের জন্য নতুন কিছু নয়। এবার সান্তোসের হয়ে খেলতে নেমেও বিতর্কে জড়িয়েছেন তিনি। মুখের ওপর হাত রেখে প্রতিপক্ষকে কিছু একটা বলেছিলেন নেইমার। এ নিয়ে অভিযোগ পাওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে প্রধান রেফারি তাঁকে লাল কার্ড দেখান। তবে এতেও থেমে থাকেননি নেইমার। অভিযোগকারী খেলোয়াড়ের দিকে তেড়ে যান এবং মাঠ ছাড়ার সময় তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেন। শনিবার রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
লাল কার্ড দেখার আগে প্রথমার্ধে একটি হলুদ কার্ডও দেখেছিলেন নেইমার। আগেই একটি কার্ড থাকায় তখনই নিশ্চিত হয়ে যায়, পরের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। পরে লাল কার্ড দেখায় নেইমারের নিষেধাজ্ঞা আরও এক ম্যাচ বেড়েছে।
ঘটনার শুরু প্রথমার্ধে। বল দখলের লড়াইয়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেইমার। এরপর প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারায় হলুদ কার্ড দেখেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই খেলোয়াড়। তবে কার্ড দেখেও শান্ত হননি তিনি। নেস্টরের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি বাহিয়ার অন্য খেলোয়াড়দের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর। একপর্যায়ে বাহিয়ার কোচ রজেরিও সেনির সঙ্গেও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন নেইমার।
প্রথমার্ধ শেষ হওয়ার পর নেইমারের আচরণ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানান নেস্টর। তাঁর অভিযোগ, নেইমার শুধু তাঁকেই অসম্মান করেননি, অসম্মান করেছেন বাহিয়া ক্লাবকেও।
নেইমার ঠিক কী কথা বলেছিলেন, তা অবশ্য প্রকাশ করতে চাননি নেস্টর। তাঁর যুক্তি, শিশুদের সামনে এমন কথা বলা ঠিক হবে না। তবে তাঁর এই মন্তব্যের পর দুই খেলোয়াড়ের মধ্যে বিরোধ যে আরও বেড়েছিল, বিরতির পরের ঘটনাতেই তা স্পষ্ট হয়ে যায়।
মুখ ঢেকে কী বলেছিলেন নেইমার?
দ্বিতীয়ার্ধ শুরুর আগে মাঠে ফিরে নেস্টরের সঙ্গে আবারও তর্কে জড়ান নেইমার। নেস্টর তাঁকে খেলা শুরু করতে দেওয়ার জন্য সরে যেতে বলেন। জবাবে নেইমার মুখের ওপর হাত রেখে কিছু একটা বলেন। সঙ্গে সঙ্গে রেফারি সাভিও সাম্পাইওর কাছে গিয়ে অভিযোগ জানান নেস্টর।
এরপর পরিস্থিতি সামাল দিতে ভিএআরের সাহায্য নেন রেফারি। ভিডিও পর্যালোচনা করে নেইমারের আচরণকে শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে বিবেচনা করেন তিনি এবং তাঁকে লাল কার্ড দেখান।
লাল কার্ড দেখার পরও নিজের ক্ষোভ সামলাতে পারেননি নেইমার। নেস্টরের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য খেলোয়াড়দের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। একপর্যায়ে নেইমারকে মারকোস ভিক্টরের গলাও চেপে ধরতে দেখা যায় বলে ম্যাচের বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে মাঠ ছেড়ে চলে যান তিনি।
‘আমি কিছুই বলিনি’, দাবি নেইমারের:
মাঠ ছাড়ার পথে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার পেদ্রো লোপেসের সঙ্গে কথা বলেন নেইমার। সেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন, নেস্টরের সঙ্গে হাসিঠাট্টা করছিলেন তিনি। মুখ ঢেকে কথা বলার ঘটনাটিকে ভুল হিসেবে স্বীকার করলেও নেইমারের দাবি, তিনি কিছু বলার আগেই নেস্টর রেফারির কাছে অভিযোগ করেছেন।
নেইমার বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। এরপর নেস্টরের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছি, মুখের ওপর হাত রাখাটা আমার ভুল হয়েছে। আমি কিছু বলিইনি, অথচ সে এরই মধ্যে হাত তুলে ফেলেছে। ফুটবলে এর চেয়ে বড় নোংরা চাল আর হয় না। তবে আমি নেস্টরকে দেখে নেব।’
ব্রাজিলের সংবাদমাধ্যম স্পোরটিভির প্রতিবেদন অনুযায়ী, মাঠ ছাড়ার সময় নেস্টরকে ‘বদমাশ’ বলেও মন্তব্য করেন নেইমার।
এস এম/ ২৫ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সান্তোসের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখলেন নেইমার, প্রতিপক্ষকে দিলেন হুমকি first appeared on DesheBideshe.