ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকায় বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজনে লালনের গান, দর্শন ও মানবতাবোধ নিয়ে আলোচনা থাকবে। প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম এবং মুখ্য আলোচক হিসেবে শিল্পী ও গবেষক আহমেদ শাকিল হাসমীর উপস্থিতির কথা জানানো হয়েছে।
আলোচনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংস্কৃতিক পর্ব রাখা হয়েছে। শিল্পকলা একাডেমি ও জাসাসের পরিবেশনায় লালনের গান গাইবেন শিল্পীরা। একই দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে ১৭ থেকে ১৯ অক্টোবর তিন দিনের স্মরণোৎসব ও মেলার ব্যবস্থাও রয়েছে।
