আজকাল ওয়েবডেস্ক: রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস তামিলনাড়ুতে ২০ টাকা মূল্যের ‘জয়ল্যান্ড’ফ্লেভারড মিল্ক বা সুস্বাদু দুধ বাজারে এনেছে। ‘রেডি-টু-ড্রিংক’ (তাত্ক্ষণিক পানযোগ্য) দুগ্ধজাত পণ্যের বাজারে মুকেশ আম্বানির সংস্থা কৌশলগত প্রবেশ করল। দুগ্ধজাত পণ্যের বাজারে আইটিসি, আমুল এবং অন্যান্য সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ড বেশ শক্তিশালী। দুগ্ধজাত উপাদান দিয়ে তৈরি এই ফ্লেভারড মিল্ক স্ট্রবেরি ও ভ্যানিলার মতো বিভিন্ন স্বাদে পাওয়া যাবে।
মুকেশ আম্বানির ২০ টাকার দুধের পরিকল্পনা
রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস-এর পরিচালক টি. কৃষ্ণকুমার জানিয়েছেন, রেডি-টু-ড্রিংক দুগ্ধজাত পণ্যের বাজারে প্রবেশ করাটা সংস্থার পণ্যের পরিসর বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা গ্রাহকদের আরও বেশি বিকল্প দেবে। তিনি জোর দিয়ে বলেন, তামিলনাড়ুতে এই যাত্রা কেবল শুরু। ভবিষ্যতে ‘জয়ল্যান্ড’-কে একটি পূর্ণাঙ্গ দুগ্ধজাত পানীয়ের ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
https://x.com/RIL_Updates/status/2110311940463669685
এরপর কী হতে পারে?
এর আগে, রিলায়েন্স ১০ টাকা দামের ‘ক্যাম্পা’ সফটড্রিংকস বাজারে এনে কোকা-কোলা ও পেপসির মতো বড় সংস্থাগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছিল। এখন দুধভিত্তিক পানীয়ের বাজারে প্রবেশের মাধ্যমে রিলায়েন্স এমন একটি ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে, যেখানে প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। ভারতের বাজারে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির সঙ্গে প্রতিষ্ঠিত সংস্থাগুলো কেবল সাধারণ দুধের বাইরে গিয়ে আরও বেশি মূল্য সংযোজিত ও সুবিধাজনক পানীয়ের দিকে নজর দিচ্ছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইউরোমনিটর-এর পূর্বাভাস অনুযায়ী, ভারতে ফ্লেভারড মিল্কের বাজার ২০২১ সালের ৪,৪২০ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ৭,৬০০ কোটি টাকা এবং চলতি বছরে ৮,৩৬০ কোটি টাকায় পৌঁছাতে পারে। এই খাতে আমুল কুল, মাদার ডেয়ারি, নন্দিনী, সানফিস্ট স্মুথ এবং ক্যাভিনস-এর মতো ব্র্যান্ডগুলো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়।
রিলায়েন্সের দাবি, ‘জয়ল্যান্ড’ গ্রাহকদের খাঁটি স্বাদ দেবে ও প্রিমিয়াম দুগ্ধজাত পণ্যের অভিজ্ঞতা, যা অত্যন্ত সুবিধাজনক ‘রেডি-টু-ড্রিংক’ ফরম্যাটে পাওয়া যাবে। এটি সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার কোম্পানির প্রতিশ্রুতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
