নগরের ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ফুটপাত মানুষের হাঁটার জন্য, ব্যবসা করার জন্য নয়। মানুষের চলাচলের পথ বাধাগ্রস্ত করার মতো কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের অক্সিজেন কয়লার ঘর এলাকায় রিডার্স স্কুল অ্যান্ড কলেজের অক্সিজেন ক্যাম্পাসে আন্তহাউজ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
সম্প্রতি সড়ক পরিদর্শনের সময় স্কুলশিক্ষার্থীদের সঙ্গে কথা বলার প্রসঙ্গ তুলে শাহাদাত হোসেন বলেন, শিক্ষার্থীদের নিজেদের চলাচলের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। যারা ফুটপাত দখল করে তাদের যাতায়াতে বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জানিয়ে তিনি আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা অর্জন করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ প্রধানমন্ত্রী, মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী কিংবা শিক্ষক হবে। তবে শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, মানুষের প্রতি দায়িত্ববোধও থাকতে হবে। একজন চিকিৎসক দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে না পারলে তার চিকিৎসক হওয়ার প্রকৃত সার্থকতা থাকে না। একইভাবে একজন আইনজীবীরও অসহায় ও দরিদ্র মানুষের আইনি সহায়তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে মেয়র বলেন, দেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনে শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সমাজের অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়েও শিক্ষার্থীদের দায়িত্বশীল হতে হবে।
এসময় সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন চসিক মেয়র। এছাড়া অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বানও জানান ডা. শাহাদাত।
পরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
