সিলেট ভয়েস ডেস্ক · ১২ অক্টোবর, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন
নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কর্মসূচির মাঠপর্যায়ের প্রস্তুতি। এরই অংশ হিসেবে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রথম ধাপের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন কৌশল তুলে ধরে উপজেলা প্রশাসন।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, গত শনিবার ও রোববার উপজেলার আশীদ্রোন, কালাপুর ও সিন্দুরখানসহ বিভিন্ন ইউনিয়নের মনোনীত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জানানো হয়, আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশের প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ফ্যামিলি কার্ডে ডুয়েল চিপ, কিউআর কোড ও এনএফসি সুবিধা থাকবে। এর মাধ্যমে সুবিধাভোগীরা ব্যাংকের এটিএম বুথ, পিওএস মেশিন কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।
এ কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণের পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরেই দেশের প্রায় ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে এ সুবিধার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
