চট্টগ্রামের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পূজামণ্ডপে পৌঁছান।
প্রধানমন্ত্রী এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূজামণ্ডপে যান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগরের নেতা ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা।
মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ।
প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তিনি সড়কপথে রংপুরে যান। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন এবং রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরে বিকেলে সামরিক বিমানে রাজশাহীতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে আখচাষিদের জন্য প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে চট্টগ্রামে যান প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
