নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগের চূড়ান্ত ঘোষণার কথা জানানোর পর এবার অডিও বার্তায় একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন প্রতিমন্ত্রী।
এদিন সকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক অডিও বার্তায় ইশরাক হোসেন এসব কথা জানিয়েছেন। এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও পদত্যাগের চূড়ান্ত ঘোষণার বিষয়টি উল্লেখ করেন তিনি।
অডিও বার্তায় ইশরাক হোসেন বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম- আজকে ইনশাআল্লাহ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আমরা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার পদত্যাগের চূড়ান্ত ঘোষণাটি দেব। যেটি প্রধানমন্ত্রী কনভে করেছেন। সেটি আমরা ঘোষণা দেব এবং আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবো। আরও কিছু কথা হবে। পরবর্তীকালে আমরা সাংবাদিকদের কাছ থেকে কিছু প্রশ্নও নেব।’
এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ইশরাক হোসেন লিখেছিলেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
এর আগে রোববার (১৮ অক্টোবর) ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ওই সময় ইশরাক নিজে এবং তার দপ্তর থেকে এ খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছিল। সোমবার সকালে তার ফেসবুক পোস্টের আগ পর্যন্ত পদত্যাগের নির্দেশের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।
মাদকবিরোধী অভিযানে হাতে পিস্তল নিয়ে অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইশরাক হোসেনকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তার পদত্যাগের নির্দেশনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
ফেসবুক পোস্টে ইশরাক আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ‘সুশীল মানুষ’কে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন তিনি। ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ইশরাক হোসেন জানান, এবার সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার কথাও জানান তিনি।
এ ছাড়া দেশব্যাপী ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারবেন বলেও নিজের পোস্টে উল্লেখ করেন ইশরাক।
পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে নির্ধারিত সংবাদ সম্মেলনে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।
