সাতক্ষীরার আলোচিত কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. সাগর ওরফে মো. মোস্তাফিজুর রহমানকে (২৭) গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা পৌরসভার লেকভিউ রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাগর সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার মো. শাহাজান আলী ওরফে বাবুর পুত্র। তবে, মামলার এজাহারে তার পিতার নাম মো. হাসান উল্লেখ করা হলেও তার প্রকৃত নাম শাহজাহান আলী ওরফে বাবু।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধ মিটাতে গিয়ে সন্ত্রাসী নাহিদ হাসান ও তার কিশোর গ্যাং বাহিনীর হাতে নিহত হন কলেজ ছাত্র জাকারিয়া খাঁন। এ ঘটনায় জাকারিয়ার ভাই শাহরিয়ার খাঁন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এ মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার ও শীর্ষ সন্ত্রাসী নাহিদ হাসানসহ আজ পর্যন্ত মোট চার জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
