‘অনেকেই বলে স্বেচ্ছাসেবী সংগঠন করলে পড়ালেখার মান ভালো হয় না। আমি এটা বিশ্বাস করি না। ভালো কাজের সঙ্গে থেকেও পড়ালেখা করা যায়। ভালো ফল করা যায়। আমি সপ্তম শ্রেণি থেকেই প্রথম আলো বন্ধুসভা করি। সংগঠনে নিয়মিত কাজ করেছি, সময় দিয়েছি। পড়াশোনাও করেছি। স্কুল করেছি, প্রাইভেট পড়েছি, কোচিংও করেছি। এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ অর্জন করেছি। আমার আগেও আমাদের অনেক ভাইয়া-আপু প্রথম আলো বন্ধুসভা করেছে। তারাও জিপিএ-৫ পেয়েছে। তাদের কেউ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ারসহ নানা পেশায় যুক্ত রয়েছে। তাই আমি বলি, মানবিক মানুষ হতে হলে স্বেচ্ছাসেবী সংগঠন করতে হবে। সমাজসেবায় এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।’
৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে এ কথাগুলো বলে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় জাহিদ হাসান ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধু ফাবিহা ফারজানাকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে বই তুলে দেন বন্ধুসভার উপদেষ্টা ফারুকা বেগম ও আনোয়ার হোসেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। উদ্বোধনী নৃত্য নিয়ে আসেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রামিজ আহমেদ ও তাঁর দল। শিক্ষার্থীদের মধ্যে নৃত্য পরিবেশন করে আফরিনা রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, রাজশাহীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা, আইপিডিসি-প্রথম আলোর প্রিয় শিক্ষক সম্মাননাপ্রাপ্ত আলীনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান।
আলোচনা পর্ব শেষে অনলাইনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন মহানন্দা সংগীত নিকেতনের শিল্পীরা। গিটারে গান পরিবেশন করেন কৃতী শিক্ষার্থী নিক্সন হাসান।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা
