কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতের ভাগ্নে শিপন মিয়াকে প্রধান অভিযুক্ত করে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত মাসুদ মিয়ার ভাগ্নে (বোনের ছেলে) ১নং অভিযুক্ত শিপন মিয়ার সাথে স্থানীয় এক নারী লাজুর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে শিপন মিয়া নিহত মাসুদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটিয়ে আসছিলেন, যার ফলে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল।
গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাতে পূর্ব-পরিকল্পিতভাবে কৌশলে মাসুদ মিয়াকে কোড়েরপাড় মধ্যপাড়া এলাকার ইসরাইলের বাড়ির পূর্ব পাশের কাঁচা রাস্তার ওপর ডেকে নেওয়া হয়। সেখানে অভিযুক্ত শিপন মিয়া তার সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাসুদ মিয়ার গলার পেছনের অংশ, ঘাড়ের বাম দিক, বুক, পিঠ, পেটের ডান পাশে এবং পাজরে উপর্যুপরি ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এছাড়া তার ডান হাঁটুর নিচেও গুরুতর কাটা জখম করা হয়।
হামলার সময় নিহতের আর্তনাদে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত শিপন হাতে থাকা রক্তমাখা ধারালো অস্ত্র উঁচু করে প্রদর্শন করে এলাকায় ত্রাস সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুফিয়া বেগম বাদী হয়ে বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২১, রবিবার, ২৫ অক্টোবর ধারা: ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেছেন। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
The post কুমিল্লার বাঙ্গরায় প্রেমে বাধা দেয়ায় ভাগ্নের হাতে মামা খু’ন’ গ্রেপ্তার ১ appeared first on ভোরের চেতনা.
