বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজে আলোচনা সভা, সচেতনতামূলক শোভাযাত্রা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) কলেজের মনোবিজ্ঞান বিভাগ ও সাইকোলজি ক্লাবের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে সচেতনতামূলক শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে কলেজের মূল ফটক প্রাঙ্গণে মানসিক স্বাস্থ্যবিষয়ক অ্যাসেসমেন্ট বুথ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোজাহেদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. শওকত ইকবাল ফারুকী ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. মোজাহেদুল ইসলাম চৌধুরী মানসিক স্বাস্থ্য ও মানসিক শান্তি অর্জনে ধর্মীয় ও আত্মিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সমাজ ও দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘Mindfulness and Mental Health: Tools for Everyday Life’ শীর্ষক কর্মশালা। এতে কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক ও সহকারী চিকিৎসা মনোবিজ্ঞানী তাসনিম ইসরাত মিমুসা। কর্মশালায় দৈনন্দিন জীবনে মননশীলতার চর্চা, বর্তমান মুহূর্তে মনোযোগ ধরে রাখা এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল ‘Lived Experiences Heard: Real Voices, Real Change’। মানসিক স্বাস্থ্য নিয়ে যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তাদের কথা শোনা এবং সেই অভিজ্ঞতার আলোকে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেওয়াই প্রতিপাদ্যটির মূল বার্তা।
অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক, চট্টগ্রামের বিভিন্ন কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
The post চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
